পুলিশি হামলায় উপাচার্যকে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করতে বললেন শিক্ষামন্ত্রী

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৯ পিএম

গত ১৬ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার জন্য উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে দুঃখ প্রকাশ করতে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

শুক্রবার শাবিপ্রবিতে উপাচার্যের কার্যালয়ে এক বৈঠকে তিনি ওই কথা বলেন বলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম শুক্রবার রাত সোয়া ৮টার দিকে সাংবাদিকদের জানান। 

এর আগে শুক্রবার দুপুর ৩টার দিকে সিলেট সার্কিট হাউসে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগসহ নিজেদের দাবি-দাওয়া নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এরপর শিক্ষামন্ত্রী শাবিপ্রবি ক্যাম্পাসে যান। সেখানে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

উপাচার্যের পদত্যাগ দাবির বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, উপাচার্য নিয়োগ বা অপসারণের এখতিয়ার আচার্যের। তার পদত্যাগ দাবির বিষয়ে আমি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে কথা বলব। 

এরপর তিনি উপাচার্যের সঙ্গে বৈঠকের জন্য তার কার্যালয়ে যান। দীর্ঘ ২৫ দিন পর উপাচার্য বসভবন থেকে পুলিশ পাহারায় বের হন। এরপর তারা বৈঠক করেন। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ক্যাম্পাস ত্যাগ করেন। বৈঠক বিষয়ে কোষাধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

তিনি বলেন, গত ১৬ জানুয়ারি পুলিশের হামলার ঘটনায় উপাচার্যকে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করতে বলেছেন শিক্ষামন্ত্রী। এটি কোনো নির্দেশ নয়, অনুরোধ। 

তবে এ অনুরোধের প্রেক্ষিতে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের প্রতিক্রিয়া জানা যায়নি। বৈঠক শেষে তিনি তার বাসভবনে ফিরে যান। 

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে বলেন, এ ঘটনা (পুলিশের হামলা) কারো কাম্য ছিলো না। ভিসি হিসেবে কিছু দায়িত্ব আপনার আছে। সেই অবস্থান থেকে আপনি দুঃখ প্রকাশ করবেন।

কোষাধ্যক্ষ আরো বলেন, বিশ্ববিদ্যালয় দিবস আগে যেভাবে পালন করা হতো, সেভাবে সবাইকে নিয়ে পালন করতে উপাচার্যকে আহ্বান জানান শিক্ষামন্ত্রী। উপাচার্য থাকবেন কি থাকবেন না তদন্ত সাপেক্ষে আচার্যের বিষয় বলে শিক্ষামন্ত্রী জানান। এ ছাড়া পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক দায়িত্ব পালনের কথা বলেন শিক্ষামন্ত্রী।

প্রভোস্ট জাফরিন আহমেদ লিজা বিরোধী আন্দোলনে ১৬ জানুয়ারি পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ৩০ শিক্ষার্থীকে আহত করলে উপাচার্যের পদত্যাগের দাবি ওঠে।

তবে ওই হামলা নিয়ে কোনো কথা বলেননি উপাচার্য। অবরুদ্ধ হওয়ার পর সংবাদমাধ্যমেও তিনি কোনো কথা বলেননি। টানা ২৫ দিন বাসভবনেই ছিলেন। শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় বাসভবন থেকে বের হন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত