বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিতর্ক এখনো থামেনি। এরই মধ্যে মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত সদস্যরা একে একে পদত্যাগ করছেন। সম্প্রতি রোজিনা কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এবার রুবেল ঘোষণা দিলেন সহসভাপতির পদ থেকে পদত্যাগ করবেন। আর রুবেল পদত্যাগ করলে সেই জায়গায় স্থলাভিষিক্ত হবেন চিত্রনায়ক রিয়াজ।
রুবেল জানান, আগামী দুই দিনের মধ্যে পদত্যাগপত্রটি তিনি শিল্পী সমিতি বরাবর পাঠাবেন। পদত্যাগের কারণ হিসেবে নিজের ব্যস্ততাকে তুলে ধরেছেন এই শিল্পী। পাশাপাশি এও জানিয়েছেন, নিজের এই জায়গায় দেখতে চান কাঞ্চন-নিপুণ প্যানেলের পরাজিত প্রার্থী রিয়াজকে! রুবেল বলেন, ‘চলতি বছর আমার বেশ কিছু কাজ আছে। যেমন- আমি ওমরাহ পালনে যাব। এ ছাড়া সারাদেশব্যপী কারাতে প্রশিক্ষণ শেষ করাতে হবে। এতে সরকারি উদ্যোগ যুক্ত। প্রায় তিন শ’ উপজেলা কানেক্ট করবো। সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় যাবে। এর মধ্যে সমিতিকে সময় দেওয়াটা আমার জন্য কঠিনই হবে। যদি কোনও কাজই করতে পারলাম না কিন্তু একটা পদ আটকে রাখলাম- সেটা ঠিক হবে না। আমি আমার পদটি রিয়াজের জন্য ছেড়ে যেতে চাই। তার সঙ্গেও ব্যক্তিগতভাবে আমার খুব ভালো সম্পর্ক। আমার ছোট ভাইয়ের মতো। আর সে কিন্তু প্রধানমন্ত্রীর বেশ কিছু সফরের সঙ্গী ছিল। সে যদি এ পদে আসে তাহলে আমাদের চলচ্চিত্রের জন্য সুখবরগুলো আসবে। ইলিয়াস কাঞ্চন ভাই আছেন। সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেলে ভালো কিছু হবে।’
