রাজশাহীতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচল ট্রেন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৩ এএম

গেটম্যানের চেষ্টায় রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে উত্তরা এক্সপ্রেস ট্রেন। রেললাইন ভাঙা থাকায় লাল কাপড় উড়িয়ে সংকেত দিয়ে রেখেছিলেন স্থানীয় রেলের গেটম্যান। এতে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি তিন শতাধিক যাত্রী নিয়ে পার্বতীপুর থেকে রাজশাহী আসছিল। লাইন মেরামতের পর ট্রেনটি গন্তব্যে রওনা হয়। এজন্য প্রায় দুই ঘণ্টা এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।

গতকাল শনিবার সকাল ৯টার দিকে আড়ানী স্টেশনের অদূরে বড়াল নদীর ব্রিজের পশ্চিম পাশে রেললাইন ভেঙে যায়। এটি নজরে আসে স্থানীয় গেটম্যান লায়েব উদ্দিনের। ব্রিজটির পাশের আড়ানী-পুঠিয়া সড়কের রেলক্রসিংয়ের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন বলেন, উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে আসছিল। এসময় তিনি প্রায় ৯ ইঞ্চি রেললাইন ভেঙে থাকার বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন। ততক্ষণে আড়ানী স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দিয়েছে। এ অবস্থায় তিনি স্থানীয়দের কাছ থেকে একটি লাল কাপড় সংগ্রহ করে উড়াতে থাকেন। এই সংকেত দেখতে পেয়ে ট্রেনচালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। ভাঙাস্থান থেকে প্রায় ৫০০ মিটার আগেই ট্রেনটি থেমে যায়। এতে দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেনের যাত্রীরা।

আড়ানী রেলস্টেশন মাস্টার সদরুল আলম জানান, রাজশাহী রুটের বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় নয় ইঞ্চি রেললাইন ভাঙা দেখতে পান গেটম্যান লায়েব উদ্দিন। বিষয়টি তাকে অবগত করার আগেই রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস আড়ানী স্টেশন ছেড়ে চলে যায়। এ সময় দ্রুত লায়েব উদ্দিন স্থানীয়দের সহযোগিতায় লাল কাপড় উড়িয়ে ট্রেনটিকে থামিয়ে দেন।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসিম কুমার তালুকদার বলেন, এই ট্রেনটির আগেই সেখান দিয়ে একটি মালবাহী ট্রেন অতিক্রম করে। এসময়ই সেখানে জোরে শব্দ হয়। পরে সেখানকার ভাঙা লাইন দেখতে পান। গেটম্যান লাল রঙের কাপড় উড়িয়ে ট্রেনটি থামান। রেললাইন ভাঙার কারণে সকাল ৯টা ১২ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। লাইন মেরামত করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত