৬ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাতের মামলা

খুলনায় জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা কারাগারে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৮ এএম

খুলনায় ৬ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার আবদুল মজিদ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

গতকাল সোমবার দুপুরে খুলনা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, ১৯৯৪ সালের ১৭ ফেব্রুয়ারি জনতা ব্যাংকের অগোচরে নগরীর শিরোমনি এলাকার মেসার্স ট্রান্স ওশ্যান ফাইবার প্রসেস (বিডি) লিমিটেডকে লে-অফ ঘোষণা করে মালিকপক্ষ। এসময় মিলের গুদামে ব্যাংকের ঋণ আদায়ের জন্য ৬ কোটি ৭৫ লাখ টাকার পাট মজুদ আছে বলে প্রতিবেদন দাখিল করেন জনতা ব্যাংক করপোরেট শাখার সিনিয়র অফিসার আবদুল মজিদ সিদ্দিকী। পরে দুদকের টিম গুদামে গেলে সেখানে কোনো মালামাল পাওয়া যায়নি।

সূত্র জানায়, আসামিরা যোগসাজশে ব্যাংকের ওই টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় জেলা দুর্নীতি দমন অফিসার আবু মো. আরিফ সিদ্দিকী বাদী হয়ে মামলা করেন।

খন্দকার মজিবর রহমান জানান, এই মামলার আসামি আবদুল মজিদ সিদ্দিকী গত ৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে গ্রেপ্তার হন। পরে খুলনায় আনা হলে তিনি আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত