ইউল্যাবে শুরু হয়েছে হাল্ট প্রাইজের ক্যাম্পাস পর্ব

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২২ পিএম

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) শুরু হয়েছে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রতিযোগিতার এবারের আসর।

ইউল্যাব উপাচার্য অধ্যাপক ইমরান রহমান শনিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে এবারের প্রতিযোগিতার উদ্বোধন করেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‘হাল্ট প্রাইজ’কে বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা বলা হয়। জাতিসংঘ ও বিল ক্লিনটন ফাউন্ডেশন আন্তর্জাতিক পর্যায়ে যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। তার আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয় এর ক্যাম্পাসভিত্তিক পর্ব।

বার্ষিক এ প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে উদ্ভাবনী ব্যবসায় মডেলের মাধ্যমে বিশ্বের ঘটমান সামাজিক সমস্যাগুলো সমাধানের চ্যালেঞ্জ থাকে।

এবারের প্রতিযোগিতার ইউল্যাব পর্বের নিবন্ধন প্রক্রিয়া মঙ্গলবার পর্যন্ত চলবে। আন্তর্জাতিক এ প্রতিযোগিতা সম্পর্কে বিভিন্ন তথ্য শনিবারের অনুষ্ঠানে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।

উপাচার্য ইমরান রহমান ইউল্যাবের শিক্ষার্থীদের এ প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করেন এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ কীভাবে একজন ব্যক্তিকে জীবনের অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে, তা তুলে ধরেন।

প্রতিবছর একশর বেশি দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের সামনে থাকে ১০ লাখ ডলারের গ্লোবাল স্টার্টআপ পুরস্কার। এছাড়া বিশ্বব্যাপী ১০ লাখের বেশি শিক্ষার্থীর জন্য ‘ইম্প্যাক্ট ফোকাসড প্রোগ্রাম’ ও প্রশিক্ষণ চালু করেছে হাল্ট প্রাইজ।

হাল্ট প্রাইজ ইউল্যাব ২০২২ এর অ্যাডভাইজার মৈনাক কানুনগো, সহকারী অধ্যাপক এবং এমবিএ প্রোগ্রামের পরিচালক আসিফ উদ্দিন আহমেদ, সিনিয়র লেকচারার এবং ইএমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর এন এম বাকী বিল্লাহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউল্যাব হাল্ট প্রাইজের এবারের ক্যাম্পাস ডিরেক্টর আবদুল্লাহ সরোয়ার আলিফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত