নতুন নির্বাচন কমিশন গঠনে যোগ্য লোক খুঁজে বের করতে গঠিত সার্চ কমিটির কাছে প্রস্তাবিত ৩২২ জনের তালিকা থেকে নিজের নাম প্রত্যাহারের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছেন বিশিষ্ট আইনবিদ শাহদীন মালিক।
মঙ্গলবার শাহদীন মালিক মন্ত্রিপরিষদ বিভাগের কাছে ওই চিঠি লেখেন।
চিঠিতে শাহদীন মালিক লিখেছেন, নির্বাচন কমিশনে নিয়োগের জন্য বিবেচনাধীন নামের তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে আমার নজরে এসেছে। আমি এই পদের জন্য আমার নাম প্রস্তাব করিনি এবং কেন এই তালিকায় আমার নাম রয়েছে তা নিশ্চিত নই।
তিনি আরও লিখেছেন, আমি এতদ্বারা উল্লিখিত নামের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে আমার নাম প্রত্যাহার করার জন্য লিখছি এবং ইসির কোনো পদের জন্য বিবেচিত হতে চাই না।
প্রধান নির্বাচন কমিশনারসহ ৪ নির্বাচন কমিশনার পদের জন্য সার্চ কমিটি প্রস্তাবত ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছে। সোমবার রাত সোয়া ৮টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে নামের তালিকা প্রকাশ করা হয়। এদের মধ্য কমিটি ১০ জনের নাম বাছাই করে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতির কাছে পাঠাবে। রাষ্ট্রপতি তাদের মধ্যে থেকে ৫ জনের নাম চূড়ান্তভাবে বাছাই করবেন।
