নিরাপত্তা, বাণিজ্য ও ভ্রমণবিষয়ক সীমান্ত ইস্যুগুলো নিয়ে যৌথভাবে কাজ করবে ইরান ও পাকিস্তান। দু’দেশের মধ্যে এ ধরনের একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক দিনের জন্য গত সোমবার সফর করেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদি। সফর শেষে তিনি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে আইআরএনএকে বলেন, অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি করার ব্যাপারে কথা হয়েছে দু’পক্ষের মধ্যে। তিনি আরও বলেন, ইরান-পাকিস্তানের সম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আরও শক্তিশালী হবে।
পাকিস্তান সফরকালে আহমাদ ভাহিদি দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান, স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এবং সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গেও বৈঠক করেন। আহমাদের সফরসঙ্গী হিসেবে ইরানের শীর্ষ কূটনীতিকরাও ছিলেন। এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে সীমান্ত ইস্যু, বাজার ব্যবস্থাপনা, আফগান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে দু’পক্ষের মধ্যে।
পাকিস্তান এবং ইরানের ৭৫০ কিলোমিটার (৪৬৬ মাইল) সীমান্ত সংযোগ রয়েছে দেশ দুটির দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্বে। তবে প্রায় এই সীমান্ত এলাকায় উত্তেজনার খবর পাওয়া যায়।
