প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগে বুধবার থেকে ১০ জনের নাম চূড়ান্ত করার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করছে সার্চ কমিটি। এ জন্য বুধবার বিকেলে বৈঠক ডাকা হয়েছে।
মঙ্গলবার চার জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান সার্চ কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, কমিটি আর কাউকে ডাকার সিদ্ধান্ত নেয়নি।
এর আগে, সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি হিসেবে রাজনৈতিক দলসহ বিভিন্ন পর্যায় থেকে আসা ৩২২ জনের নাম গতকাল সোমবার প্রকাশ করে কমিটি। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ সাবেক আমলা। এ ছাড়া বিচারপতি, সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তা, সাবেক পুলিশ কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী, নাগরিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন তালিকায়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কমিটির পক্ষ থেকে নামের তালিকা মোটামুটি সম্পাদনা করা হয়েছে। প্রকাশিত ৩২২ জনের মধ্যে যেসব নাম একাধিকবার এসেছে, সেগুলো এডিট করা হয়েছে। বুধবার কমিটির সামনে নামগুলো উপস্থাপন করা হবে। এরপর কমিটির কার্যপদ্ধতি ঠিক করে এখান থেকে বাছাইয়ের দিকে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।
যে নামগুলো প্রকাশ করা হয়েছে, সেখান থেকেই ১০ জনের নাম সুপারিশ করা হবে কি না, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কমিটি যেভাবে অনুসন্ধান করার কথা সেভাবেই করবে। যদি মনে করে আরও অনুসন্ধান করার প্রয়োজন আছে, সেটা ওনারা দেখবেন। কমিটি কবে নাগাদ সুপারিশ করবে—এমন প্রশ্নে তিনি বলেন, যে ১৫ কার্যদিবস সময় আছে সেই সময়ের মধ্যেই করা হবে।
প্রসঙ্গত কে এম নূরুল হুদা কমিশনের মেয়াদ গতকাল সোমবার শেষ হয়েছে। ফলে নির্বাচন কমিশন এখন শূন্য।
