রাজধানীর পল্লবীতে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় হওয়া মামলায় সাবেক সাংসদ এম এ আউয়ালসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এই সাংসদকে ‘নাটের গুরু’ উল্লেখ করে বলা হয়েছে, জমির দখল টিকিয়ে রাখতেই এই হত্যাকাণ্ড ঘটান তিনি।
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত রবিবার পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন অভিযোগপত্রটি জমা দেন।
ডিবির এই কর্মকর্তা জানান, অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন সুমন ব্যাপারী, টিটু, কিবরিয়া, মুরাদ হোসেন, আবু তাহের, ইব্রাহিম সুমন, রকি তালুকদার, শফিকুল ইসলাম, তুহিন মিয়া, হারুন অর রশীদ, তারিকুল ইসলাম, নুর মোহাম্মদ, হাসান ও ইকবাল হোসেন। সুমন ও শফিকুল ছাড়া বাকি ১৩ আসামি কারাগারে। তাদের মধ্যে ৯ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সুমন ব্যাপারী আদালতে তার জবানবন্দিতে বলেন, এম এ আউয়ালের নির্দেশে হত্যার উদ্দেশ্যে ১২ আততায়ীকে ভাড়া করা হয়েছিল।
এদিকে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ১৩ জনের নাম বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আরও দুই অভিযুক্ত মনির ও মানিক আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
