ময়মনসিংহের ত্রিশালের কাজীর শিমলা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও চল্লিশজন। এদের মধ্যে আটজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের ত্রিশালের কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বালুবোঝাই ট্রাকটি চাকা পাঞ্চার হয়ে দুইদিন ধরে বিকল হয়ে পড়ে আছে সড়কে। ট্রাকে হঠাৎ বাসটি সজোরে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিহত শিশুটি হল ৫ মাস বয়সী সিন্নাতুন। তার বাড়ী ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী গ্রামে।
ত্রিশাল থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, ঘটনাস্থলে কেউ নিহত হয়নি। আর হাসপাতালে নেওয়ার পর এক শিশু মারা যায়।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
