বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৫ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে অবস্থান এক প্রবাসীর স্ত্রী (১৮)।

গত সোমবার সন্ধ্যা থেকে উপজেলার মহেড়া ইউনিয়নের হিলরা আদাবাড়ি গ্রামে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয় ওই গৃহবধূ।

অভিযুক্ত ওই প্রেমিকের নাম রিপন মিয়া, তিনি হিলরা আদাবাড়ি গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ট্রাকচালক। 

জানা গেছে, কয়েক মাস আগে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রিপনের। গত এক মাস যাবৎ ওই গৃহবধূ রিপনকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। কিন্তু রিপন তাতে রাজি হচ্ছিলেন না। অবশেষে বিয়ের দাবিতে গত সোমবার সন্ধ্যায় তিনি রিপনের বাড়িতে এসে অবস্থান নেন।

বিয়ে না করলে আত্মহত্যা করার হুমকি দিচ্ছেন ওই গৃহবধূ। এদিকে ওই গৃহবধূর আসার খবর পেয়ে প্রেমিক রিপন গা ঢাকা দিয়েছেন। তার মোবাইল ফোনও বন্ধ।

বুধবার বিকেলে রিপনের বড় ভাই জহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সুরাহার জন্য আজ রাতেই ওই মেয়ের বাড়ির লোকজনের সঙ্গে স্থানীয় প্রতিনিধিদের নিয়ে বসা হবে।

মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য রুপেলা বেগম বলেন, বিষয়টি মীমাংসার জন্য জরুরি ভিত্তিতে রাতেই দুই পক্ষের অভিভাবকদের সঙ্গে বসা হবে।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত