বাংলাদেশের সাবেক হাই কমিশনার, জেল হত্যা মামলার সন্দেহভাজন এম খায়রুজ্জামানকে দেশে ফেরাতে সরকার সব ধরনের আইনি প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বুধবার তাদের ডিপোর্টেশন সেন্টার থেকে সাবেক এই কূটনীতিককে মুক্তি দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খবরটা পেয়েছি। যত ধরনের আইনি প্রক্রিয়া আছে, সেগুলোতে আমরা প্রচেষ্টা চালাব।
তিনি বলেন, আমরা আমাদের ক্রিমিনাল যারা তাদেরকে স্বদেশে এনে আইনের আওতায় আনার চেষ্টা করি। অনেকে লুকিয়ে থাকে। কিন্তু কারও যদি ঠিকানা বা অবস্থান পাই, আমরা আইনি প্রক্রিয়ার আশ্রয় নিই।
এ বিষয়ে আইনজীবী নিয়োগ করা হচ্ছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমি জানি না।
