রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিশারিজ বিভাগের মাস্টার্সের (২০২০) একটি কোর্সে পরীক্ষার আগেই প্রশ্নপত্র এক শিক্ষকের ফেইসুবকে আপলোড করা হয়। এ ঘটনা জানাজানি হলে পরীক্ষা কমিটি প্রশ্নপত্র বাতিল ও পরীক্ষাটি স্থগিত ঘোষণা করে।
ফিশারিজ বিভাগের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের (এফএমএমসি-৬৪১) কোর্সটির পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। তবে সম্প্রতি বিভাগের অধ্যাপক ইসতিয়াক হোসাইনের ফেইসবুক স্টোরিতে প্রশ্নপত্রের ছবি পোস্ট করা হয়। এ ঘটনায় গত রবিবার বিভাগের পরীক্ষা কমিটি বৈঠক করে কোর্সের পরীক্ষা স্থগিত করে।
ফোনে ছবি তুলে রাখার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ইসতিয়াক হোসেন বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। পরীক্ষা কমিটির সভাপতি বিস্তারিত বলতে পারবেন।’
পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মণ্ডল বলেন, ‘সংশ্লিষ্ট শিক্ষক আমাদের জানিয়েছেন অসাবধানতাবশত ছবিটি ফেইসবুকে পোস্ট হয়ে গেছে। আমরা জানার পর নিয়ম অনুসারে প্রশ্নপত্র বাতিল ও পরীক্ষা স্থগিত করেছি। নতুন প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘বিভাগ থেকে এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। ফেইসবুকে ছবি ছড়িয়ে পড়লে আমি মনে করি, সংশ্লিষ্ট শিক্ষক চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। এটি কর্তব্য কাজেও অবহেলা। পরীক্ষা কমিটির সভাপতি বিষয়টি জানালে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
