বাপ্পী লাহিড়ীর সোনার গয়না চুরি করতে চেয়েছিলেন বিপাশা বসু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৩ পিএম

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী প্রয়াত হয়েছেন গতকাল। তবে তার দৈহিক মৃত্যু ঘটলেও তিনি বেঁচে থাকবেন তার অগণিত ভক্তদের মাঝে। ‘ডিসকো ড্যান্সার’খ্যাত এই কণ্ঠশিল্পী শুধু সংগীতশিল্পী বা সুরকার হিসেবে নয়, বাপ্পী লাহিড়ীর স্টাইল নজর কেড়েছিল সবার। স্বর্ণের গয়না পরতে খুবই ভালোবাসতেন প্রয়াত কিংবদন্তি। ভক্তদের তো বটেই, বলিউড তারকাদেরও নজর ছিল সেই গয়নায়। একবার অভিনেত্রী বিপাশা বসু মজা করে বলেছিলেন, বাপ্পী লাহিড়ীর গয়না চুরি করার ইচ্ছা আছে তার। প্রতিক্রিয়ায় দারুণ এক উত্তর দিয়েছিলেন বাপ্পী লাহিড়ী। ২০০৭ সালে বোম্বে টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে বাপ্পী লাহিড়ীর প্রশংসা করেছিলেন বিপাশা। বলেছিলেন, ‘তিনি একজন দারুণ মানুষ।’ আরও বলেছিলেন, ‘যখনই তাকে দেখি, আমার ইচ্ছে করে তার গয়না চুরি করি। তিনি খুব সুন্দর সব স্বর্ণের গয়না পরেন। আমার খুব ভালো লাগে।’

বিপাশার এই কথার প্রতিক্রিয়ায় এক সাক্ষাৎকারে বাপ্পী বলেন, ‘তিনি খুবই মিষ্টি। আমার কাছে চাইলেই দিয়ে দেব, চুরি করতে হবে না। নিয়ে যাও। তাকে আমি পছন্দ করি। তিনি খুবই সুন্দরী এবং বাঙালি।’

এদিকে বাপ্পি লাহিড়ীর সোনা-দানার পরিমাণ নিয়েও কৌতূহলী হয়ে উঠেছেন তার ভক্তরা। প্রশ্ন উঠেছে সদ্যপ্রয়াত এ সংগীতশিল্পীর রেখে যাওয়া সোনার পরিমাণ কত?  ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তার ব্যবহৃত সোনা-রুপার পরিমাণ ৫ কেজি ৩৫৪ গ্রাম।

২০১৪ সালে নির্বাচনে অংশ নিয়েছিলেন এই গায়ক। সেই সময় মনোনয়নপত্রে সোনা-রুপার পরিমাণ উল্লেখ করেন। তখন জানা যায়, ভারতীয় এই গায়ক ৭৫৪ গ্রাম সোনা ও ৪ কেজি ৬২০ গ্রাম রুপার মালিক। এই সবই তার গলার চেইন, ব্রেসলেট, হাতের ঘড়িসহ অন্যান্য ব্যবহৃত অলংকার বা গয়না। এসব গয়না ব্যবহার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বাপ্পি বলেন, ‘আমার স্রষ্টার নাম সোনা! যখন থেকে সোনার গয়না পরা শুরু করেছি, আমার একের পর এক গান হিট করা শুরু করেছে। সোনা আসলে আমার জন্য সৌভাগ্যের প্রতীক। তাই এত সোনার গয়না কিনি আর পরি।’

প্রায় পাঁচ দশক ধরে বিস্তৃত ছিল বাপ্পী লাহিড়ীর সংগীত জীবন। নিজের গান দিয়ে নাচিয়ে ছেড়ে ছিলেন ছোটবড় সকলকেই। সঙ্গে পেয়েছেন ‘ডিসকো কিং’র তকমাও।

১৯৭০ থেকে আশির দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পী লাহিড়ীর। ‘ডিসকো ড্যান্সার’, ‘চলতে চলতে’, ‘শারাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে বাগি-৩ এর জন্য শেষ সুর করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত