কিলিয়ান এমবাপের ওপর অনেক দিন ধরেই চোখ রাখছে রিয়াল মাদ্রিদ। ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকাও স্পেনের ক্লাবটিতে যেতে আগ্রহী। পিএসজির সঙ্গে চুক্তি শেষে আগামী গ্রীষ্মেই এমবাপে রিয়ালে যাচ্ছেন বলে গুঞ্জন।
সেই গুঞ্জনের মাঝেই মঙ্গলবার চ্যাম্পিয়ন লিগে এমবাপের গোলে পিএসজির কাছে হেরেছে রিয়াল। এরপরই বেশ কিছু বিদেশি সংবাদমাধ্যম এমবাপেকে নিয়ে ডিয়েগো ম্যারাডোনার করা ভবিষ্যদ্বাণী সামনে এনেছে।
২০১৭ সালে আর্জেন্টাইন কিংবদন্তি এমবাপেকে দলে ভেড়ানোর পরামর্শ দিয়েছিলেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে। স্প্যানিশ সাংবাদিক মার্কো রুইজকে ম্যারাডোনা বলেছিলেন, ‘এমবাপে এমন একজন হতে চলেছে, যিনি অনেকের চেয়ে ভালো হবে। আমি ফ্লোরেন্তিনোকে বলেছি এমবাপেকে সাইন করতে।’
ম্যারাডোনা বলেন, ‘তিনি (পেরেজ) বলেছিলেন ক্রিস্তিয়নো রোনালদো, গ্যারেথ বেল রয়েছে। আমার কথা শোনো, তাদের বেলকে বিক্রি করা উচিত। তবে ফ্লোরেন্তিনোর তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা কম।’
পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি শেষ হয়ে যাচ্ছে ৩০ জুন। এরপরই ফ্রি ট্রান্সফারে ফরাসি তারকাকে দলে ভেড়ানোর পরিকল্পনা রিয়াল মাদ্রিদের।
