বইমেলায় ডিআরইউর স্টল উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৯ পিএম

অমর একুশে বইমেলায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্টল উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে তিনি ৬৩৪ নম্বর স্টলের উদ্বোধন করেন।

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অর্থ সম্পাদক এস এম এ কালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, এসকে রেজা পারভেজ ও তানভীর আহমেদ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, শিক্ষামন্ত্রীকে সব সময় ডিআরইউর পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। বইমেলায় ডিআরইউর স্টলকে পৃষ্ঠপোষকতা করার জন্য তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের সংগঠন। আমি নিজেকে সব সময়ই এই পরিবারের একজন মনে করি।

তিনি বলেন, আপনাদের সকল সদস্যরা যেভাবে বস্তুনিষ্ঠভাবে কাজ করে, সংবাদপত্রের মান বাড়ানোর জন্যও আপনারা যেভাবে কাজ করেন, সেটি অবশ্যই দেশের এগিয়ে যাওয়ার জন্য বড় একটি উপাদান। স্বাধীন সংবাদমাধ্যম, স্বাধীন সাংবাদিকতা এবং গুণগতমানসম্পন্ন সাংবাদিকতা জাতির এগিয়ে যাওয়ার জন্য খুব জরুরি।

দীপু মনি বলেন, ভাষার মাসে বইমেলা মানেই ভাষা ও স্বাধীনতার প্রতি আলাদা সম্মান। এই আয়োজনে যখন আসি তখন এমনিতেই ভালো লাগে। আমাদের যে স্বাধীনতা, ভাষার জন্য লড়াই, সকল শহীদের প্রতি আমি এই বইমেলা থেকে শ্রদ্ধা নিবেদন করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত