বরিশাল কোচ সুজনের কাছে দ্বিতীয় হওয়ার কোনো মূল্য নেই

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৪ পিএম

টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলার পর ফাইনালে হেরে গেলে বাকি সবই বৃথা বলে মনে করেন ফরচুন বরিশাল কোচ খালেদ মাহমুদ সুজন। বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তাই যেকোনো মূল্যে জয় চান তিনি।

বিপিএল ফাইনালের আগের দিন বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে সুজন বলেন, ‘ফাইনাল তো ফাইনালই। এটার উপর তো কোন কিছু নেই। আমরা কষ্ট করে এখানে এসেছি, ভালো ক্রিকেট খেলে এসেছি। এখানে এসে দ্বিতীয় হওয়ার কোন মূল্য থাকে? সোজা কথা এটাই।’

চলতি বিপিএলে বরিশাল-কুমিল্লার তিনটি লড়াই দেখেছে দর্শক। লিগ পর্বে একটি করে ম্যাচ জিতেছে বরিশাল ও কুমিল্লা। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লাকে হারিয়েই ফাইনালে ওঠে বরিশাল। পরে কুমিল্লা দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। ফাইনালে আবার ‍মুখোমুখি দল দুটি।

বরিশাল কোচ সেই ম্যাচ নিয়ে বলছেন, ‘আমরা আত্মবিশ্বাসী। দল ভালো ছন্দে আছে। বাড়তি একটা তাড়না আছে। আর অধিনায়ক (সাকিব আল হাসান) যখন ভালো খেলে, সবকিছু সহজ হয়। সাকিব সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। ওর তাগিদটা বেশি ভালো খেলার। মাঠ চালাচ্ছে ভালো।’

সাকিব টুর্নামেন্ট জুড়েই দারুণ খেলা উপহার দিয়েছেন। টানা পাঁচ ম্যাচে ম্যাচসেরাও হয়েছেন। তার নেতৃত্বগুণের প্রশংসা করছেন সবাই। প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সও সাকিবের ক্ষুরধার মস্তিষ্ককেই বড় প্রতিপক্ষ মানছে। যদিও তাদেরও বরিশালকে হারানোর মতো সামর্থ্য রয়েছে। একঝাঁক পারফরমারদের নিয়ে গড়া দলটি। সব মিলে দারুণ একটা ফাইনালের আশায় বিপিএলের দর্শকেরা।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার বিপিএলের ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।

আরো পড়ুন

সাকিবের মাথাকেই ভয় কুমিল্লা কোচের

×
সর্বশেষ সর্বাধিক পঠিত