প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে পয়েন্ট আদায় করে নিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। ফলে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া হয়েছে শেখ জামালের।
সিলেট জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচটি ৩-৩ ড্র হয়।
ম্যাচের ২৩ ও ৪৪ মিনিটে সলোমন কিংয়ের জোড়া গোলে ২-০ গোলে এগিয়ে যায় শেখ জামাল। বিরতির পর ম্যাচের ৬৮ মিনিটে সিওভুস আসরোরভের পেনাল্টি থেকে করা গোলে ম্যাচে ফেরে রহমতগঞ্জ।
যদিও সাত মিনিট পর মোহাম্মদ আতিকুজ্জামান গোল করলে ৩-১ এ লিড পায় শেখ জামাল। তবে শেষ চার মিনিটে শেখ জামালের জয়ের স্বপ্ন বিলীন করে দেয় রহমতগঞ্জ।
৯০ মিনিটে সানডে চিজোবা গোল করার পর যোগ করা সময়ে ল্যান্সিং তোরে গোল করলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সৈয়দ গোলাম জিলানীর দল।
এ নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল শেখ জামাল। চার ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ২০১৫ সালের চ্যাম্পিয়নরা।
দিনের প্রথম ম্যাচে পুলিশ এফসিকে ৩-০ গোলে হারানো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে।
