রাজশাহীতে পদ্মার ধারে ঘুরতে গিয়ে পা পিছলে পড়ে নদীতে ডুবে এক মাদ্রাসাছাত্রী মারা গেছে।
গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে অসুস্থ হয়েছে আরেক ছাত্রী।
তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মারা যাওয়া মাইমুনা খাতুন (১৪) নগরীর শিরোইল শান্তিবাগ মাদ্রাসাতুস সুফফাহ আল আরাবিয়্যাহর হেফজ বিভাগের ছাত্রী ছিল।
সে রাজশাহীর চারঘাট উপজেলার একরামুল হকের মেয়ে। হাসপাতালে চিকিৎসাধীন আছে একই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী লুবাইনা খাতুন।
তারা ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিল।
মাদ্রাসাতুস সুফফাহ আল আরাবিয়্যাহর পরিচালক আরিফুল ইসলাম জানান, কয়েক দিন ধরেই আবাসিক ছাত্রীরা নদীর ধারে ঘুরতে যাওয়ার কথা বলছিল। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে তাদের পদ্মা নদীর ধারে নিয়ে যাওয়া হয়।
পরিচালক জানান, তিনিসহ আরও শিক্ষকরা ছিলেন ছাত্রীদের সঙ্গে। নগরীর দরগাপাড়া মুক্তমঞ্চ এলাকায় ছাত্রীরা নদীর তীর ধরে হাঁটছিল। হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যায় মাইমুনা।
