ডিজিটাল আইনে মামলা

পাটকেলঘাটা প্রেস ক্লাব সভাপতি জহুরুলসহ গ্রেপ্তার ২

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৩ এএম

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাতক্ষীরার পাটকেলঘাটা থানা প্রেস ক্লাবের সভাপতি জহুরুল হকসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফেইসবুকে পুলিশ ও সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য লেখার অভিযোগে করা মামলায় গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

জহুরুল হক (৪৫) পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা পত্রিকার পাটকেলঘাটা থানা প্রতিনিধি। গ্রেপ্তার অন্য জন পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের পাশের বাসিন্দা আবদুর রহমান।

সাতক্ষীরা ডিবির ওসি বাবুল আক্তার বলেন, ফেইসবুকে পুলিশ ও সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য লেখায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বাদী ডিবি পুলিশের এসআই আরিফুর রহমান জানান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অধস্তনদের বিরুদ্ধে বেনামি দরখাস্ত, স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে ফেইসবুকসহ সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক বক্তব্য লেখাসহ বিভিন্ন অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় মামলা হয়েছে। মামলায় পাটকেলঘাটার জহুরুল ইসলাম, আবদুর রহমানসহ তিনজনকে আসামি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবীর জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত