বিএনপি সত্যিকারের রাজনৈতিক দল হলে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় অংশ নিত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গতকাল শুক্রবার সকালে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, নির্বাচনী প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার সব করেছে আওয়ামী লীগ সরকার। স্বাধীনতার ৫০ বছরে এই প্রথম নির্বাচন কমিশন গঠনের জন্য যেই আইনটি প্রয়োজন ছিল সেটি হয়েছে।
দীপু মনি বলেন, নির্বাচন পরিচালনায় একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। সেখানে রাজনৈতিক দলসহ সমাজের বিশিষ্ট মানুষ আছেন তাদের সকলের মতামতের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছে। এই সময়ে বিএনপি যদি সত্যি একটি রাজনৈতিক দল হতো, তবে বিএনপির উচিত ছিল এই প্রক্রিয়াতে সম্পৃক্ত হয়ে সেখানে অংশগ্রহণ করা।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসন ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ফাহিম ইকবাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ বিভিন্ন জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
