টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৫ পিএম

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জনকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

শনিবার সকালে ১৬ আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন) অধিনায়ক মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এ সময় ২২নং রোহিঙ্গা ক্যাম্পের (উনচিপ্রাং) এর সি ব্লক এলাকা হতে এসব রোহিঙ্গা সন্ত্রাসীদের আটক করা হয়।

আটকরা হলেন- টেকনাফ ২২নং উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/০৪, ঘর-২১৫ এর মৃত দিল মোহাম্মদের ছেলে মো. শফিক প্র. হাফেজ শফিক (২৬), ব্লক-ডি/৪, ঘর-৭৪৭ এর মো. কালা মিয়ার ছেলে আমান উল্ল্যাহ (২৬) ও একই ক্যাম্পের ব্লক-বি/১, ঘর-৪৮ এর মৃত সৈয়দুল ইসলামের ছেলে জামাল আহাম্মদ (৫১)। এরা সবাই রোহিঙ্গা ক্যাম্পের ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে এপিবিএন।

এ সময় তাদের হেফাজতে থাকা ১টি নাইন এমএম বিদেশি পিস্তল, ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র এলজি এবং ৬১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক এলাকায় মাদক ব্যবসা, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

ধৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক তারিকুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত