আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জাতীয় দলের ছায়া দল হিসেবে ঘোষিত বিসিবির বিশেষ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ‘বাংলাদেশ টাইগার্সের’ কার্যক্রম। ২৫ ফেব্রুয়ারি থেকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে শুরু হচ্ছে এই প্রোগ্রাম।
ইতোমধ্যে প্রথম ক্যাম্পের জন্য ২৩ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার এক বিবৃতিতে ডাক পাওয়া ক্রিকেটারদের নাম ও ক্যাম্পের সময়সূচি ঘোষণা করা হয়।
সদ্য সমাপ্ত বিপিএল এবং এর আগের জাতীয় লিগ, বিসিএলে পারফর্ম করা ক্রিকেটাররা জায়গা পেয়েছেন এই দলে। সুযোগ পেয়েছেন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জেতানো অধিনায়ক ইমরুল কায়েস। এছাড়া আসরে দুর্দান্ত বল করে জায়গা করে নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরীও।
বহুল প্রতীক্ষিত এই প্রোগ্রামে কোচিংয়ের দায়িত্ব থাকবেন মোট ৯ জন কোচ। তার মধ্যে আছেন ২ জন বিদেশি। বাকিরা বাংলাদেশের। এই ক্যাম্পের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দেশের স্বনামধন্য কোচ মিজানুর রহমান বাবুল।
বাংলাদেশ টাইগার্স: মুমিনুল হক, ফজলে মাহমুদ রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ শাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিণাক ঘোষ, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলি, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
