একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আশপাশ এলাকার আবাসিক হোটেল ও মেসে শনিবার রাত থেকে তল্লাশি চালাবে পুলিশ।
শহীদ মিনারের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি জানান, যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে এই তল্লাশি চালানো হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কোনো ঝুঁকি নেই। তারপরও আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।’
ডিএমপি কমিশনার বলেন, একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা তাদের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আসবেন কি না, তা নিশ্চিত নয়। তবে তারা আসবেন ধরে নিয়েই নিরাপত্তাব্যবস্থা সাজানো হচ্ছে।
শফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর স্পিকারসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদন করবেন। তারপর তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
ডিএমপি কমিশনার বলেন, শহীদ মিনারকেন্দ্রিক চারদিকের রাস্তায় পুলিশের চেকপোস্ট থাকবে। চেকপোস্টের ভেতরে ও বাইরে পুরো এলাকা সিসিটিভির অধীন থাকবে। পলাশি ক্রসিং থেকে যারা আসবেন, তাদের তল্লাশির পর ঢুকতে দেওয়া হবে। সেখানে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। এসব পরীক্ষা করেই তাদের ঢুকতে দেওয়া হবে।
বিদেশি কূটনৈতিকরাও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। তিনি করোনার কারণে সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় যেসব স্বাস্থ্যবিধি জারি করেছে, তা মেনে চলার অনুরোধ জানান।
তিনি জানান, জাতীয় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে থাকবে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
র্যাব, ডিবি, সোয়াট, বম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকা তল্লাশির পাশাপাশি পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকেও বিশেষ তল্লাশি করা হবে।
তিনি বলেন, শ্রদ্ধা নিবেদনের সময় কেউ কোনো ধরনের ব্যাগ বহন করতে পারবে না। নিজের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।
কোনো রাজনৈতিক ব্যানার-ফেস্টুনে ওই এলাকা ‘নোংরা’ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, কেউ এসব ব্যানার-ফেস্টুন লাগালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর পুলিশ যৌথভাবে সেগুলো অপসারণ করবে।
