ক্লোজ সার্কিট ক্যামেরার নেটওয়ার্কের আওতায় এলো দিনাজপুর শহর।
রবিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে দিনাজপুর শহরের নিরাপত্তা ব্যবস্থার জন্য ১৫টি পয়েন্টে লাগানো ৩৯টি ক্লোজ সার্কিট ক্যামেরার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে দিনাজপুর শহরে অপরাধ কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে বলে আয়োজকেরা জানিয়েছেন। জানা গেছে, ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো তারহীন। তাই প্রাকৃতিক দুর্যোগে ক্যামেরাগুলো কাজ করবে।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার প্রমুখ।
অনুষ্ঠানে হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনায় সফল হয়েছে। দেশ ও দেশের মানুষ শান্তিতে থাক সেই লক্ষ্য নিয়ে শেখ হাসিনা কাজ করছে। যতই বাধা আসুক না কেন দেশ এগিয়ে যাবে।
