রংপুরে ফুল দিতে গিয়ে ‘নিখোঁজ’ প্রবীণ আ.লীগ নেতা ছাদেক আলী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩২ পিএম

২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রংপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ছাদেক আলী (৮০)-র। তিনি রংপুর মহানগরীর তাজহাট নাজির দিগর এলাকার বাসিন্দা এবং দর্শনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

এ ঘটনায় নিখোঁজ ছাদেক আলীর পরিবার তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি  করেন।

জানা গেছে, ছাদেক আলী ২০ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে রংপুর শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাসায়  ফেরেনি। আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করে না পেয়ে ছাদেক আলীর পরিবার তাজহাট থানায় সোমবার একটি সাধারণ ডায়েরি করে।

জিডিতে উল্লেখ করা হয়, ছাদেক আলীর গায়ের রং ফরসা, তিনি উচ্চতায় ৫ ফিট ৬ ইঞ্চি। তার মাথার চুল ও দাড়ি সাদা রঙের। বাড়ি থেকে বের হওয়ার সময় পরনে সাদা রঙের পাঞ্জাবি-পায়জামা এবং খয়েরি রঙের জ্যাকেট ছিল।

কেউ কোথাও তাকে দেখলে বা সন্ধান দিতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় অথবা পরিবারের সঙ্গে ০১৮১১৪২৮৩২২ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে জিডিতে।

পারিবারিক সূত্র আরও জানায়, ছাদেক আলীর ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি আক্তারুজ্জামান প্রধান জানান, এখনো ছাদেক আলী খোঁজ পাওয়া যায়নি। তাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মণ্ডল।

দেশ রূপান্তরকে তিনি বলেন, নিখোঁজ ছাদেক আলী বঙ্গবন্ধুর সময় থেকে রাজনীতি করেন। বঙ্গবন্ধুর সঙ্গে তার সুসম্পর্ক ছিল। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এই প্রবীণ রাজনীতিবিদকে দ্রুত খুঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত