রূপপুর প্রকল্পের নির্মাণাধীন চুল্লি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫২ পিএম

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুল্লি থেকে পড়ে ও সড়ক দুর্ঘটনায় প্রকল্পের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তুষার আহমেদ (২৮) এবং ভোরে সড়ক দুর্ঘটনায় সাব্বির হোসেনের (২০) মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস টুটুল।

সূত্র জানায়, বুধবার ভোরে রূপপুর প্রকল্পের ভেতরে শ্রমিক তুষার আহমেদ বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রোসেম কোম্পানি’র দুই নম্বর ব্লকে কাজ করছিলেন। এ সময় প্রায় ১০ তলা উচ্চতা সম্পন্ন নির্মাণাধীন চুল্লির উপর থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তুষার।

তুষার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এদিকে বুধবার ভোরে রূপপুর বিদ্যুৎ প্রকল্প থেকে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় সাব্বির হোসেন নামের অপর এক শ্রমিক নিহত হন। তিনি প্রকল্পের নিকিমথ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সাব্বির উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী দাইড়পাড়া গ্রামের ইন্তাজ প্রামাণিকের ছেলে।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, চুল্লি থেকে পড়ে এবং সড়ক দুর্ঘটনায় একই দিনে রূপপুর প্রকল্পের দুই শ্রমিক নিহতের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত