গৃহকর্ত্রীর নির্যাতন থেকে বাঁচতে পালানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে ভবনের দ্বিতীয় তলার কার্নিশ থেকে লাফিয়ে নামার প্রস্তুতি নিচ্ছিল রুমা, ঝুমুর ও নূরী নামে তিন কিশোরী গৃহকর্মী। তবে বিষয়টি দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধারে সক্ষম হয়।
মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডির ১২/এ নম্বর সড়কের ৩৯ নম্বর চিরন্তনী নামে একটি ভবনে এ ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন কলে ধানমন্ডি থানা পুলিশের ওই এলাকায় দায়িত্বরত একটি টহল টিম ঘটনাস্থল ধানমন্ডির ১২/এ নম্বর সড়কের ৩৯ নম্বর ভবনে গিয়ে দুই কিশোরীকে কার্নিশ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তারা আগে থেকে জমা কাপড় নিচে ফেলে তিনজন কার্নিশ থেকে লাফিয়ে পালানো চেষ্টা করছিল। পালিয়ে যাওয়া এক কিশোরী গৃহকর্মীকে খুঁজে থানায় আনা হয়।
ওসি জানান, ওই বাসার গৃহকর্ত্রী শাইলা হককে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তিন কিশোরী গৃহকর্মীর বাবা-মা কোনো অভিযোগ করবে না। পরে তিন সন্তানকে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে ঘটনাস্থল থেকে উদ্ধার কারী ধানমন্ডি থানা এসআই আলমগীর জানান, ওই দুই কিশোরী বাবা-মা হাজারীবাগে থাকেন। অপর গৃহকর্মী বাবা-মা লালবাগে থাকেন। অভিভাবকদের জিম্মায় তিনজন কিশোরী গৃহকর্মীকে দেওয়া হয়েছে।
গৃহকর্মীরা পুলিশকে জানায়, তারা শাইলা হক নামের একজন গৃহকর্ত্রীর অধীনে থাকত। তাদের প্রায়ই মারধর ও অত্যাচার করতেন শাইলা। এ কারণে দীর্ঘদিন ধরে তারা পালানোর পরিকল্পনা করেন। মঙ্গলবার রাতে বাসায় কেউ না থাকায় তারা তিনজন একসঙ্গে বারান্দা দিয়ে বেরিয়ে কার্নিশ বেয়ে নিচে লাফিয়ে পালাতে চেয়েছিল।
