র‌্যাগিং নিয়ে চবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৮ এএম

এক জুনিয়র কর্মীকে র‌্যাগিংয়ের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ২০ ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

সংঘর্ষ চলাকালে একটি মোটরসাইকেল ও হলের বেশ কয়েকটি রুম ভাঙচুর করা হয়। বুধবার রাত ১০টার দিকে সূর্যসেন হলে এ ঘটনার সূত্রপাত হয়।

সংঘর্ষে জড়ানো শাটল ট্রেনের বগিভিত্তিক সিক্সটি নাইন ও এপিটাপ গ্রুপ দু’টি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী বলে জানা গেছে।

জানা যায়, বুধবার সন্ধ্যায় সিক্সটি নাইন গ্রুপের ২০২০-২১ সেশনের এক কর্মীকে আটক ও র‌্যাগ দেয় এপিটাপ গ্রুপের কর্মীরা। এ ঘটনা জানাজানি হলে রাত দশটার দিকে সংঘর্ষে জড়ান সিক্সটি নাইন ও এপিটাপ গ্রুপের কর্মীরা। দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয় গ্রুপের ১৫-২০ জন নেতাকর্মী আহত হন। আহতদের চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এক গ্রুপের দাবি তাদের কর্মীকে র‌্যাগিং করা হয়েছে। তবে র‌্যাগিং নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। র‌্যাগিং করা হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত