মাদারীপুরে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:০১ পিএম

মাদারীপুরের কালকিনিতে গেটের তালা ভেঙে ঘরে ঢুকে জহিরুল ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরুদ্দির চর এলাকায় এ ঘটনা ঘটে।

জহিরুল ইসলাম সমিতির হাট মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ২০২২ সালে এসএসসি পরীক্ষার্থী এবং পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরুদ্দির চর এলাকার কাতার প্রবাসীর কালাম সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাতার প্রবাসীর মেজ ছেলে সমিতির হাট মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ২০২২ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। ছেলেটি এলাকার পরিচিতি অনুযায়ী শান্ত ও ভদ্র ছিল। প্রতিদিনের মত রাতে খাবার খেয়ে জহিরুল নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন।

সকালে দরজা খোলা ও প্রধান গেটের তালা ভাঙা দেখে মা কহিনুর ছেলের কক্ষে গিয়ে দেখেন- ছেলে কম্বল গায়ে এবং চারপাশে রক্ত। এরপর মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে দেখে জহিরুলের গলা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন।

নিহত জহিরুলের মা কাতার প্রবাসীর স্ত্রী কহিনুর বেগম বলেন, আমার দুই ছেলে ও এক মেয়ে। এক ছেলে ঢাকায় চাকরি করে আর জহিরুল স্কুলে পড়ে এবং আলাদা কক্ষে থাকে। আমি ও আমার ছোট মেয়ে এক কক্ষে থাকি। সকালে উঠে দেখি আমার ছেলেকে কুপিয়ে হত্যা করে কম্বল দিয়ে ঢেকে রেখেছে।

তিনি বলেন, ‘আমার ধারণা একটি জমি কেনা নিয়ে আমাদের সঙ্গে পাশের একজনের বিরোধ চলছিল হয়তো তারা এ ঘটনা ঘটাতে পারে।’

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত