হিলি স্থলবন্দর দিয়ে এল ১৩০০ টন পেঁয়াজ, কমলো দাম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৭ পিএম

বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমায় হঠাৎ করে ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। এমন অবস্থায় দাম নিয়ন্ত্রণে রাখতে ও দেশের চাহিদা মেটাতে আমদানি বাড়িয়ে দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি অনেকটা বেড়েছে।

গত দুদিনে বন্দর দিয়ে ৪৬টি ট্রাকে ১ হাজার ৩১৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫/৬ টাকা করে।

আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসতে শুরু করায় জমে উঠেছে বন্দরের পেঁয়াজের বাজার দাম কমায় খুশি তারা।

বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার শাহজাহান আলী বলেন, পূর্বে হিলি স্থলবন্দর দিয়ে ২/৩ ট্রাক করে পেঁয়াজ আমদানি হতো।বর্তমানে দেশীয় মুড়িকাটা পেঁয়াজ শেষের দিকে হওয়ায় সরবরাহ কমতির দিকে রয়েছে যার কারণে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়েছে। এখন বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ২০/২৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। মোকামে চাহিদা না থাকার কারণে পূর্বে না আসলেও বর্তমানে মোকামগুলোতে পেঁয়াজের চাহিদা বাড়ায় আমরা হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসছি। এখান থেকে পেঁয়াজ ক্রয় করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট,ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে পেঁয়াজ পাঠাচ্ছি।    

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, পূর্বে বেশ কিছুদিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে ২ থেকে ৩ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছিল। চলতি সপ্তাহ থেকে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অনেকটা বেড়েছে। বর্তমানে বন্দর দিয়ে ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে কোনো দিন তা বেড়ে ৩০ ট্রাকে দাঁড়াচ্ছে। গত দুদিনেই বন্দর দিয়ে ৪৬টি ট্রাকে ১ হাজার ৩১৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত