নতুন প্রধান নির্বাচন (সিইসি) কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দিতে সার্চ (অনুসন্ধান) কমিটি চূড়ান্ত করা ১০ জনের নাম জমা দিয়েছে রাষ্ট্রপতির হাতে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নামের তালিকা নিয়ে তারা বঙ্গভবনে যান।
সার্চ কমিটির পাঁচ সদস্য বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করে নামগুলো তার কাছে জমা দেন। অসুস্থতার কারণে সার্চ কমিটির প্রধান ওবায়দুল হাসান বঙ্গভবনে যেতে পারেননি।
সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, মনোরোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক এবং সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
নাম জমা দেওয়া শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, সার্চ কমিটি তাদের রিপোর্ট মহামান্য রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। তিনি সেটা গ্রহণ করেছেন। সেটা একটু এক্সামিন করবেন রাষ্ট্রপতি। এক্সামিন শেষে দ্রুত উনি নির্দেশনা দেবেন।
তিনি জানান, দুই-একদিনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব সেটা নোটিফিকেশন করে ফেলা হবে।
আজই (বৃহস্পতিবার) হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না। মহামান্য রাষ্ট্রপতি বলেছেন, উনি দেখে কুইকলি এটা করে দেবেন। তিনি যেভাবে নির্দেশনা দেবেন। যত তাড়াতাড়ি সম্ভব নোটিফিকেশন দেওয়া হবে।
১০ জন না পাঁচজনের নাম ঘোষণা হবে এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, নিয়ম তো পাঁচজনের নাম ঘোষণার। যে পাঁচজনের নাম রাষ্ট্রপতি সিলেক্ট করবেন সেই পাঁচজনের নামেই প্রজ্ঞাপন জারি হবে।
সার্চ কমিটির প্রধান আসেননি কেন জানতে চাইলে তিনি বলেন, তিনি অসুস্থ হয়েছেন। তাই আসেননি তিনি।
রাষ্ট্রপতি গঠিত এবারের সার্চ কমিটি মঙ্গলবার তাদের সপ্তম বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করে। কাদের কাদের নাম প্রস্তাব করছেন, তা প্রকাশ করেনি সার্চ কমিটি। তারা বলছে, এটা প্রকাশের এখতিয়ার রাষ্ট্রপতির।
তবে সার্চ কমিটি রাজনৈতিক দলসহ সবার কাছে চাওয়ার পর যে ৩২২টি নাম এসেছিল, তা প্রকাশ করেছে।
আর সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যেহেতু বলেছেন, তারা নিজেরা নতুন কোনো নাম যোগ করেননি, সেহেতু প্রস্তাবিত ১০ জনের নাম ৩২২ জনের তালিকার মধ্যে রয়েছে।
