‘স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’ শুরু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩০ পিএম

‘মুক্ত চলচ্চিত্র, মুক্ত প্রকাশ’-এই স্লোগানে শুরু হয়েছে ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব।

শুক্রবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ‘শর্ট ফিল্ম ফোরাম’ আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন।

সুস্থধারা চলচ্চিত্র ও স্বল্পদৈর্ঘ্য আন্দোলনে বিশেষ অবদান রাখায় মানযারেহাসিন মুরাদ ও তানভীর মোকাম্মেলকে হীরালাল সেন আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় এই উৎসবে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চার প্রসার ও বিকাশে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের প্রতিটি উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এসব সাংস্কৃতিক কেন্দ্রে আধুনিক মিলনায়তন, এম্পিথিয়েটার, গ্রন্থাগার, প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি থাকছে সিনেপ্লেক্স। এটি নির্মিত হলে তৃণমূল পর্যায়ে নান্দনিক ও মনোরম পরিবেশে চলচ্চিত্র প্রদর্শনের সুযোগসহ চলচ্চিত্র শিল্পে পুনর্জাগরণ ঘটবে বলে আমার বিশ্বাস। প্রাথমিকভাবে ৩০টি উপজেলায় নির্মিত হচ্ছে এ সাংস্কৃতিক কেন্দ্র।

উৎসব কমিটির সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জাহিদুর রহিম অঞ্জন। স্বাগত বক্তব্য রাখেন- উৎসব কমিটির পরিচালক সৈয়দ ইমরান হোসেন কিরমানী।

এবারের উৎসবে বাংলাদেশসহ ১৩০টি দেশের ৪১৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে কান, বার্লিন, অস্কার, সানড্যান্স, লোকার্নো ও বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ৬০টিরও বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসবের অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে বাংলাদেশ প্যানোরমা, আলমগীর কবির মেমোরিয়াল লেকচার, জাতীয় চলচ্চিত্র সংলাপ, আজীবন সম্মাননা প্রদান, ভারতীয় চলচ্চিত্রকার আর ভি রামানির রেট্রোস্পেকটিভ ও মাস্টারক্লাস, সেমিনার, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ প্রামাণ্যচিত্র অধিবেশন।

প্রতিদিন বেলা ১১টা, ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় মোট ৪টি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ ছাড়া জাতীয় জাদুঘর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দেখানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত