নতুন ইসি ব্যর্থ হুদা কমিশনেরই প্রতিচ্ছবি: রব

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৪ পিএম

আইনি মারপ্যাঁচে নতুন মোড়কে নির্বাচন কমিশন (ইসি) গঠনকে সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার ‘নয়া মিশন’ বলে আখ্যায়িত করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

তিনি বলেছেন, নতুন নির্বাচন কমিশন ব্যর্থ নূরুল হুদার কমিশনেরই প্রতিচ্ছবি। অনুগ্রহভাজন একজন আমলার নেতৃত্বাধীন এই ধরনের কমিশন দিয়ে সরকার ক্ষমতা ধরে রাখার আরেকটি বলয় সৃষ্টি করেছে মাত্র।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য দায়ী ‘হুদা কমিশন’ এর সচিবকে এবার নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ায় প্রমাণ হয় সরকার নির্বাচন কমিশনকে আগের মতোই অনুগত রাখতে ইচ্ছুক।

অতীতে প্রমাণ হয়েছে, এই ধরনের কমিশনকে নির্বাচনকালীন সময়ে অসাংবিধানিকভাবে নিয়ন্ত্রণ করার অপকৌশলে সরকার সিদ্ধহস্ত। এরই ধারাবাহিকতায় নবগঠিত নির্বাচন কমিশনকে সরকার নির্বাহী বিভাগের ‘আত্তীকৃত’ প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করবে।

জেএসডি সভাপতি বলেন, দলীয় সরকারই ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুতরাং জনগণের ভোটাধিকার, গণতন্ত্র এবং নির্বাচন প্রশ্নে নির্বাচন কমিশন অনেক গৌণ হয়ে পড়েছে। রাষ্ট্র মেরামতের প্রয়োজনে দেশ ও জাতির স্বার্থে ‘জাতীয় সরকার’ গঠন প্রক্রিয়া নিয়ে অবিলম্বে আলোচনা শুরু করার আহ্বান জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত