জন্মদিনে আফ্রিদিকে আসল বয়স জানাতে বললেন শোয়েব

আপডেট : ০১ মার্চ ২০২২, ১১:৩৪ পিএম

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখকার তার সাবেক সতীর্থ শহিদ আফ্রিদিকে ৪২তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে খবর এটা নয়। আসল খবর হলো- টুইটারে শোয়েব তার শুভেচ্ছা বার্তার সঙ্গে আফ্রিদির আসল বয়সও জানতে চেয়েছেন।

মঙ্গলবার আফ্রিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন শোয়েব। আফ্রিদিকে ট্যাগ করে তিনি লিখেন, ‘শুভ জন্মদিন’। এরপরই লিখেছেন, ‘এখন সঠিকটা বলো’।

ক্যারিয়ার জুড়েই আফ্রিদির বয়স নিয়ে বিতর্ক হয়েছে অনেক। এদিন শোয়েবের টুইটের উত্তরও দিয়েছেন তিনি। শুভেচ্ছা জানানোয় শোয়েবকে ধন্যবাদ জানান আফ্রিদি। সেই সঙ্গে বলেন, ‘সময় বয়ে যায় ব্রাদার।’

ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, কয়েক বছর আগে আফ্রিদি নিজের আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এ জন্মসাল ১৯৭৫ উল্লেখ করেছেন। তবে আফ্রিদি কোনো মাস বা দিন তারিখ উল্লেখ করেননি।

আফ্রিদি যদি ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন, তবে তার ‘আসল বয়স’ অফিশিয়াল বয়সের চেয়ে পাঁচ বছর বেশি হবে। কারণ ক্রিকইনফোর প্লেয়ার প্রোফাইলে আফ্রিদির জন্ম তারিখ- ১ মার্চ, ১৯৮০।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত