ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ফাঁকা আসন পূরণের দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে ভর্তিচ্ছু একদল শিক্ষার্থী।
বুধবার বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চারপাশের সড়কে যানজট তৈরি হয়।
আন্দোলনকারীদের সমন্বয়ক সাইফ নেওয়াজ চৌধুরী বলেন, সাত কলেজের মোট আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি বলা হলেও ২৩ হাজার ২৬২ আসনে ভর্তি নেওয়া হয়েছে। মোট আসনের মধ্যে প্রায় তিন হাজার আসন ফাঁকা থাকা, তারপরও ভর্তি কার্যক্রম স্থগিত করে দেওয়া হচ্ছে; যেটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।
তিনি বলেন, ‘এতে শিক্ষার্থীদের প্রতি প্রশাসন চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, যেটা কিনা শিক্ষার্থীদের জন্য হতাশাজনক। সাত কলেজের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা এ অবস্থার দ্রুত অবসান চায়। আমাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে সাত কলেজের ফাঁকা আসন পূরণে শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ করতে হবে।’
গত বছরের ৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সাত কলেজের বিজ্ঞান অনুষদ, বাণিজ্য অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে লগইন করে কলেজ ও বিষয় পছন্দ করেন।
শিক্ষার্থীদের আবেদন ও ফলের ভিত্তিতেই কলেজ এবং বিষয় বরাদ্দের ফল দেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা ইতোমধ্যে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন। সবশেষ গত ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে অধিভুক্ত কলেজ সমূহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
