টেস্ট র‍্যাঙ্কিংয়ে দেশের সর্বকালের সেরা অবস্থানে লিটন

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০১:১১ এএম

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় ১২ নম্বরে অবস্থান করছেন লিটন দাস। বাংলাদেশের কোনো ব্যাটারের যা সেরা র‍্যাঙ্কিংয়ের রেকর্ড।

সম্প্রতি বাংলাদেশ কোনো টেস্ট না খেললেও নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ শেষে বুধবার র‍্যাঙ্কিংয়ে রদবদল হয়েছে। আর সেখানেই দুই ধাপ এগিয়েছেন লিটন।

লিটনের আগে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে ওপরে উঠেছিলেন তামিম ইকবাল। ২০১৭ সালের আগস্টে ১৪তম স্থানে উঠেছিলেন এ উদ্বোধনী ব্যাটসম্যান।

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টের পর লিটন ১৪তম স্থানে ওঠেন। অর্থাৎ তামিম ইকবালের অর্জনের পাশে বসেছিলেন।

বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২ টেস্টে ৩ ইনিংস ব্যাটিং করে লিটন করেছিলেন ১৯৬ রান। সেঞ্চুরি ছিল একটি। জানুয়ারিতে নিউজিল্যান্ডে হওয়া সেই সিরিজ শেষে লিটন উঠেছিলেন ১৫তম স্থানে।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে হালনাগাদ হওয়া র‌্যাঙ্কিংয়েও ক্যারিয়ারসেরা অবস্থানে রয়েছেন লিটন। উঠেছেন ৩২ নম্বরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত