একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত পুলিশের দুই সাবেক কর্মকর্তাকে অর্থদণ্ড জমা দেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ অনুমতি দেয়।
দণ্ডপ্রাপ্ত দুই আসামি সাবেক ডিআইজি খান সাইদ হাসান এবং সাবেক পুলিশ সুপার ওবায়দুর রহমান খানের পক্ষে আইনজীবীরা আসামিদের অর্থদণ্ডের ৩ লাখ টাকা জমা দেওয়ার আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের আবেদন মঞ্জুর করে।
আদালত সূত্রে জানা যায়, আবেদন মঞ্জুর হওয়ার পর অর্থদণ্ডের টাকা জমা দিতে ব্যাংকে যান তাদের পক্ষের স্বজনরা কিন্তু নির্দিষ্ট সময়ের আগে ব্যাংকে যেতে না পারার কারণে টাকা জমা দিতে পারেননি। তবে পরবর্তী কর্মদিবসে তারা অর্থ জমা দেবেন।
২০১৮ সালের ১০ অক্টোবর মামলাটির রায় ঘোষণা করা হয়। সে সময় এ দুই আসামি পলাতক ছিলেন।
