ঢাকা-চট্টগ্রাম ফোরলেনের কুমিল্লায় পৃথক তিন দুর্ঘটনায় মহাসড়ক জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। শুক্রবার (৪ মার্চ) ভোরে শুরু হওয়া যানজট ছিল দুপুর পর্যন্ত। এতে মহাসড়কের প্রায় ৫০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। এতে চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
জেলার সদর দক্ষিণ থেকে দাউদকান্দির গৌরিপুর পর্যন্ত যানজটে আটকা পড়ে অনেক গাড়ি ও রোগীবাহী এ্যাম্বুলেন্স। দুপুরের পর ধরিগতিতে যানবাহন চলাচল শুরু হয়।
হাইওয়ে পুলিশ জানায়, ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার পালকি সিনেমা হলের সামনে ঢাকাগামী লং ভ্যাহিকল (লরি) মহাসড়কের ওপর উল্টে যায়। এতে শুরু হয় যানজট। ভোর ৬টায় উপজেলার দোতলা নামক স্থানে কুমিল্লামুখী ট্রাকের পেছন থেকে অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার ঘটনাস্থলে নিহত হন। একই সময় দাউদকান্দি উপজেলার দরানিপাড়া এলাকায় কুমিল্লামুখী কাভার্ডভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন আহত হন।
এদিকে, ভোর ৩টায় মহাসড়কের ওউপর উল্টে যাওয়া লরি সরাতে হাইওয়ে পুলিশের সময় লেগেছে অন্তত তিন ঘণ্টা। যে কারণে যানজট তীব্র হয়ে ছড়িয়ে পড়ে অন্তত ৫০ কি. মি. এলাকায়।
ঢাকা থেকে চান্দিনায় আসা মাছ ব্যবসায়ী আফজাল জানান, আমরা ২/১ দিন পরপর যাত্রাবাড়ি থেকে মাছ কিনে চান্দিনায় এনে বিক্রি করি। শুক্রবারের দুটি বিয়েতে আমি মাছ দেওয়ার অর্ডার নিয়েছি। বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ি থেকে মাছ কিনে ভোর ৪টায় রওয়ানা হই। প্রতিদিন ভোর ৬টার মধ্যে চান্দিনা পৌঁছার কথা থাকলেও গৌরিপুর থেকে যানজটে আটকা পড়ে বেলা সাড়ে ১২টায় চান্দিনা পৌঁছি। এতে কাস্টমার আমার ওপর মারাত্মক ক্ষুব্ধ হয়।
কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া লাইনের বাসচালক শাহ জাহান জানান, আমি সকাল ৯টায় বুড়িচংয়ের নিমসার থেকে যানজটে পড়ি। নিমসার থেকে চান্দিনায় ১০ মিনিটের রাস্তা যেতে সময় লাগে সাড়ে ৩ ঘণ্টা।
কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া এয়ারকনের যাত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র মীর শাহরিয়ার আলম জানান, তিনি সকাল ১০টায় গাড়িতে উঠে বুড়িচং উপজেলার নিমসার এলাকায় যানজটে আটকা পড়েন। বিকাল ২টার দিকে তিনি চান্দিনার মাধাইয়া এলাকায় পৌঁছান।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসের চালক আ. খালেক জানান, ‘সকাল ১০টার দিকে কুমিল্লার কোটবাড়ি মোড় থেকে যানজটের কবলে পড়ে পিঁপড়ার গতিতে দুপুর ২টার দিকে চান্দিনা সদরে পৌঁছাতে পেরেছি।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সাইফুল ইসলাম জানান, কয়েক ঘণ্টার মধ্যে পরপর তিনটি দুর্ঘটনায় যানজট তীব্র হয়েছে। যানজট নিরসনে আমাদের হাইওয়ে পুলিশ কাজ করছে। এখন গাড়ি চলাচল শুরু করেছে।
বিকাল সাড়ে ৩টার দিকে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, ভোরে মহাসড়কের দাউদকান্দি ও চান্দিনায় পৃথক তিন দুর্ঘটনা ঘটে। এ সময় উল্টো পথে যানবাহন প্রবেশ করায় উভয় দিকে যানজট তীব্র আকার ধারণ করে।
তিনি বলেন, হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় দুপুরের পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
