পেছনের পায়ে আঘাত নিয়ে একা একা থানায় হাজির ঘোড়া!

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৬:১৪ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি ঘোড়া দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে একা একা সোজা থানায় গিয়ে হাজির হয়েছে।

গতকাল শুক্রবার দুপুর দুপুর সোয়া ১টার দিকে বাউফল থানায় এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে একটি উদ্বাস্তু ঘোড়া থানার মূল গেট দিয়ে প্রবেশ করে। সিঁড়ি বেয়ে ভবনের ভেতরে ঢোকার সময় পুলিশ সদস্যরা বাধা দেয়। একপর্যায়ে বাধা উপেক্ষা করে ডিউটি অফিসারের কক্ষের সামনে গিয়ে দাঁড়ায় ঘোড়াটি।

থানার ডিউটি কর্মকর্তা এসআই আশিকুর রহমান বলেন, ‘ঘোড়াটি তাড়ানোর চেষ্টা করেও যখন সরছে না, তখন লক্ষ্য করলাম ঘোড়ার পেছনের বাম পা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন স্যারকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘোড়াটির প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দেন।’

এ বিষয়ে পশু চিকিৎসক আ. আজিজ বলেন, ক্ষত দেখে মনে হয়েছে ধারালো কোনো কিছুর আঘাত লেগেছে। ফলে পায়ের চামড়া উঠে গিয়ে ক্ষত হয়েছে। এরপর ঘোড়াটির ক্ষতস্থান ড্রেসিং করে ব্যথানাশকসহ বিভিন্ন ওষুধ লাগিয়ে দিলে কিছুক্ষণ ঘোড়াটি দাঁড়িয়ে থাকার পর চলে যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘একটি উদ্বাস্তু ঘোড়া আহত হয়ে থানায় এসেছে চিকিৎসা সেবা নিতে, এমন ঘটনা আমার কাছে বিরল মনে হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত