কলেজছাত্রীকে অপহরণে অভিযুক্ত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশকে (২৬) দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপের অভিযোগে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, শামীমের বিরুদ্ধে এর আগে ১ মার্চ ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ ওঠে। এ ঘটনায় অপহৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ২ মার্চ নিজ বাড়ি থেকে শামীম আহম্মেদ আকাশকে আটক করে পুলিশ। এ সময় তার হেফাজতে থাকা অপহৃত কলেজছাত্রীকেও উদ্ধার করা হয়।
