ঘুমন্ত অবস্থায় শিশু পুড়ে আঙ্গার, বাঁচাতে গিয়ে আহত মা

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৮:০০ পিএম

নরসিংদীর রায়পুরায় ‘বৈদ্যুতিক শর্টসার্কিট’ থেকে লাগা আগুনে পুড়ে মাহিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় ছেলের প্রাণ বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন শিশুটির মা।

গতকাল শুক্রবার রাতে উপজেলার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণেরটেক এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রায়পুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান সজল হোসেন।

নিহত শিশু মাহিন উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার দুবাই প্রবাসী আকরাম হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, গত দুই মাস আগে ছেলে মাহিনকে নিয়ে বাবার বাড়ি ব্রাহ্মণেরটেক আসেন মাছুমা। গত রাতে তিনি মাকে বাইরে দাঁড় করিয়ে বাথরুমে যান। তখন ঘরে একা ঘুমাচ্ছিল শিশু মাহিন। ওই সময় ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে আগুন লাগে। পরে একটি ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণ হয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

পরে বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন শিশুটির মা ও নানি। দেখতে পান ঘরের ভেতর ও বাইরে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই সময় ছেলের প্রাণ বাঁচাতে গিয়ে দগ্ধ হন শিশুটির মা।

খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহত শিশুর লাশটি উদ্ধার করে।

দগ্ধ মাছুমার কপাল, ডান হাত ও দুই পায়ের আংশিক পুড়ে গেছে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত মাহিনের মা মাছুমা বলেন, মাকে বাইরে দাঁড় করিয়ে বাথরুমে গিয়েছিলাম। সেখান থেকে বিকট শব্দ শুনতে পাই। দৌড়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। অনেক চেষ্টা করেও ছেলেটাকে বাঁচাতে পারলাম না। ওই সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

রায়পুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান সজল হোসেন বলেন, আমরা আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পনেরো মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় এক শিশু পুড়ে আঙ্গার হয়ে গেছে। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। আর এতে নিহত শিশুর মা ও দগ্ধ হয়েছেন।

‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত