আব্দুল্লাহ আল মুক্তাদিরের প্রথম উপন্যাস ‘গডেস অভ অ্যামনেশিয়া’

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৮:১৫ পিএম

আব্দুল্লাহ আল মুক্তাদিরের প্রথম উপন্যাস ‘গডেস অভ অ্যামনেশিয়া’ প্রকাশ করেছে চন্দ্রবিন্দু প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন রাজীব দত্ত। বইমেলায় ২৮৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

বইয়ের ফ্ল্যাপে বলা হয়েছে, প্রমত্ত যমুনার মুখে দাঁড়িয়ে থাকা সংগ্রামী গ্রাম। উনিশশ’ বিরাশি থেকে দুই হাজার ছয়— পঁচিশ বছরে অসংখ্য ঢেউ এসে বহুবার সেখানকার জীবনের বাঁক বদলে দেয়। প্রথমে দাদির চোখে, এরপর এক কিশোরের নতুন বিরহের তাপে সেই গ্রামের আগুন এবং অন্ধকার ছড়িয়ে পড়ে সুদূর রাজধানী পর্যন্ত। খবর, খুন, গান, প্রেম, মিছিল, নির্বাচনের ঘোরে ভিন্ন প্রজন্মের দুই অভিন্ন মানুষ রঙিন ‘ইনোসেন্স’-এ ভর করে দিশাহীন উড়তে থাকে। নিচের জমিনে ফুটে ওঠে নারীবাদ ও রাজনীতির যোগাযোগে তৈরি সুপরিচিত অথচ নজিরবিহীন বাংলাদেশ। একজন অপূর্ব দেবীর ছায়া এসে পড়ে থাকে পুরো কাহিনির উপর; যার একমাত্র নেশা মানুষের ভুলে যাওয়া, ফেলে যাওয়া স্মৃতি আর স্মৃতিচিহ্নগুলো কুড়িয়ে নিয়ে অতি যত্নে জমিয়ে রাখা; যার শরীরে চিরকাল যৌবন, কিন্তু যৌবনের স্বাদ কোনো দিন কোনোভাবে  মনে পড়ে না!

আব্দুল্লাহ আল মুক্তাদির বলেন, মূলত একটা বড় সামাজিক, রাজনৈতিক পরিবর্তনকে কেন্দ্র করেই গল্প। কিন্তু আমার কাহিনির কেন্দ্র ঐতিহাসিক কেন্দ্রগুলো থেকে দূরের, প্রত্যন্ত বলতে পারেন। ‘ট্রানজিশন’ এর বিবরণও তাই ইচ্ছাকৃতভাবে ‘আনরিলায়েবল’। আপনি যদি ইতিহাস-সচেতন মন নিয়ে পড়তে বসেন হয়তো হতাশ হবেন। কিন্তু আমি চেয়েছি বড় পরিবর্তনগুলোর এমন একটা পাঠ হাজির করতে যেটা আপাতদৃষ্টিতে একেবারেই ‘আনক্রিটিকাল’ কিন্তু চাইলেই গভীরে ঢোকা সম্ভব। চাইলেই সহজ আলাপের তল থেকে জটিল, কঠিন বিষয়গুলো আবিষ্কার করা যাবে।

আব্দুল্লাহ আল মুক্তাদির -এর জন্ম সিরাজগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করে এখন শিক্ষকতা করছেন ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে। দৈনিক সংবাদের সাহিত্য পাতায় ছোটগল্প ও কবিতা প্রকাশের মাধ্যমে আত্মপ্রকাশ ২০১০ সালে।

তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে কবিতাগ্রন্থ অন্য গাঙের গান, সমুদ্রসমান (২০১৬), গল্পগ্রন্থ যুদ্ধ যুদ্ধ রুদ্ধ দিন (২০২০) ও বছরের দীর্ঘতম রাত  (২০১৯)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত