ডুফা প্রিমিয়ার লিগ: চ্যাম্পিয়ন ব্লুজ, রানার্সআপ রয়্যালস

আপডেট : ০৫ মার্চ ২০২২, ১১:৫৩ পিএম

ডুফা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ডুফা ব্লুজ। ফাইনালের লড়াইয়ে ডুফা রয়্যালসের বিপক্ষে ১০ রানে জিতে শিরোপা ঘরে তুলেছে ব্লুজ।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৮১ রান তোলে ডুফা ব্লুজ। জবাব দিতে নেমে নির্ধারিত ছয় ওভারে ৩ উইকেট হারিয়ে ৭১ রানে থেমেছে রয়্যালসের ইনিংস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) আয়োজনে শুক্রবার (৪ মার্চ) এক দিনের এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে।

দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।

ছয় দলের দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতাকে ছাপিয়ে গেছে ১৯৯৫-৯৬ ব্যাচের বন্ধুদের প্রাণবন্ত আড্ডা, বন্ধুদের পরিবারের সদস্যদের প্রাণবন্ত উচ্ছ্বাস। তাই ব্লুজ টুর্নামেন্টের শিরোপা জিতলেও উল্লাসে মেতে ছিল সব দলের সদস্যরাই।

সকাল ১০টায় ছয় ওভারের এই ক্রিকেট টুর্নামেন্টটি উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান এম সালাহউদ্দিন চৌধুরী।

শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের শিক্ষার্থীরাই এই টুর্নামেন্টের মাঠের খেলায় অংশ নিতে পেরেছেন। টুর্নামেন্টে অংশ নেওয়া ছয়টি দল হলো— ডুফা অ্যাভেঞ্জার্স, ডুফা ব্লুজ, ডুফা ডায়নামাইটস, ডুফা লায়ন্স, ডুফা রয়েলস ও ডুফা টাইগার্স।

দুই গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগে দুটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল। তারপর শীর্ষ চার দলের সেমিফাইনাল শেষে বিজয়ী দুই দল মুখোমুখি হয় ফাইনালে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত