বাহরাইন বসে বিচারক-পুলিশ সদস্যদের ওপর হামলার পরিকল্পনা, গ্রেপ্তার ১

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৬:২০ পিএম

বাহরাইন থেকে বিচারক ও পুলিশ সদস্যদের ওপর হামলা পরিকল্পনার অভিযোগে মনির আবদুল রাজ্জাক (৪০) নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। শনিবার রাজধানীর মতিঝিল থানার ফকিরাপুল এলাকা থেকে বাহরাইনপ্রবাসী মনিরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন, দেশী-বিদেশী ২টি সিম কার্ড ও ১টি পাসপোর্ট উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান জানান, মনিরের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বিদেশে বসে তিনি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে জিহাদের প্রচার চালানোর পাশাপাশি হামলার পরিকল্পনা করেন। বিচারক এবং পুলিশ বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করে সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি তিনি দেশে ফেরেন। তিনি দেশে ফিরেছেন এই তথ্য তার পরিবারের সদস্যরা জানেন না। তিনি ছদ্মবেশে ঢাকায় অবস্থান করছিলেন।

সিটিটিসির প্রধান আসাদুজ্জামান বলেন, আবদুল রাজ্জাক ২০০৭ সালে প্রথম বাহরাইন যান। সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ নেন। প্রবাসে থাকা অবস্থায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও ভিডিও দেখে উগ্র মতবাদে উদ্বুদ্ধ হন। পরে তিনি ফেসবুক আইডি খুলে নিজের পরিচয় গোপন রেখে ‌‘গাজওয়াতুল হিন্দ’ নামের একটি ধর্মীয় উগ্র মতবাদী সংগঠনে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে পোস্ট দেন। অন্যদেরও এ জিহাদে যোগ দিতে আহ্বান জানান।

আসাদুজ্জামান আরও বলেন, কিছু অপরাধী চক্র প্রবাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ধর্মীয় উগ্র মতবাদসংবলিত পোস্ট ও ভিডিও দেখে নিজেই উগ্র মতবাদে উদ্বুদ্ধ হচ্ছে। তারা ছদ্মবেশ ধারণ করে ফেসবুকে নিজের পরিচয় গোপন করে অন্যদের উদ্বুদ্ধ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত