হাইকোর্টের বরাতে আনা একটি ‘ভুয়া কাগজ' দেখিয়ে জায়েদ খান শিল্পী সমিতি সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিয়েছেন বলে মন্তব্য করেছেন শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন।
রবিবার সন্ধ্যায় এফডিসিতে নিপুণকে নিয়ে সংবাদ সম্মেলন করার সময় সাইমন বলেন, ‘কোর্ট থেকে এখনো পর্যন্ত কোনো কাগজ বের হয়নি। কোর্ট থেকে যে রায় এসেছিল, তার কোনো কাগজ দেয়া হয়নি। তাহলে কাগজ কই থেকে পেলেন জায়েদ খান? আসলে ওই কাগজ ভুয়া ছিল। কাগজ দেখতে চেয়েছিলাম কিন্তু উনি কাউকে দেখাননি। কাগজটা সঠিক ছিল না বলে কাউকে জায়েদ খান দেখায়নি।”
জায়েদ খান ‘জাল ও অনৈতিক কাগজ’ দেখিয়ে শপথ নিয়েছেন উল্লেখ করে সাইমন আরও বলেন, ইলিয়াস কাঞ্চন ভাইয়ার কাছে জানতে চেয়েছিলাম। উনি বলেছেন, কাগজ সঠিক কিনা জানেন না। তবে জায়েদ খান যে কাগজ দেখিয়েছেন সেটা আইন সিদ্ধ নয়। আজ (রোববার) শুনানি ছিল। আদালত থেকে বিচারক মহোদয় নিজেও বলেছেন, কোর্ট থেকে কোনো কাগজ বের হয়নি। সে জন্য আজ নতুন করে চার সপ্তাহের জন্য স্টে করা হয়েছে। যদি কাগজ বের হতো তবে আজকে এই স্টে অর্ডার হতো না। তা ছাড়া পৃথিবীর কোনো আদালত থেকে শুক্রবার কোনো কাগজ বের হয় না। তাই ওই কাগজটি ছিল ভুয়া। আগামী ১ মাস অপেক্ষা করতে হবে। বিশ্বাস আছে, আগামী এক মাস পর আমরা কাঙ্ক্ষিত রায় পাবো।’
আজ দুপুরে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খান বৈধ বলে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণ আক্তারের করা আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত হাইকোর্টের রায় চার সপ্তাহের জন্য স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ৪ এপ্রিল দিন ধার্য করেছেন।
