মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে রবিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গেই দারুণ একটা রেকর্ড গড়েছেন ভারতের অধিনায়ক মিতালি রাজ।
বিশ্বের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার অনন্য নজির গড়লেন মিতালি। ছুঁয়ে ফেললেন ছেলেদের ক্রিকেটের কিংবদন্তি শচিন টেন্ডুলকার ও জাভেদ মিয়াঁদাদকে।
২০০০ সালে প্রথম বিশ্বকাপ খেলেন মিতালি। এরপর একে একে ২০০৫, ২০০৯, ২০১৩, ২০১৭ এবং ২০২২ বিশ্বকাপেও ভারতের প্রতিনিধিত্ব করছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা নারী ব্যাটার।
টানা ছয়টি বিশ্বকাপে ভারতের জার্সি গায়ে মাঠে নামলেন মিলাতি। এমন কৃতিত্ব এখনো পর্যন্ত বিশ্বের আর কোনো নারী ক্রিকেটারের নেই।
পাঁচটি করে বিশ্বকাপ খেলার নজির রয়েছে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ডেবি হকলে এবং ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসের। তাদের ছাপিয়ে গেলেন ভারতের মিতালি।
ছেলেদের ক্রিকেট মিলে ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার নজির গড়লেন মিতালি। প্রথম ভারতীয় হিসেবে এই রেকর্ড শচিনের। ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেন শচিন।
সব মিলে মিতালি বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার কৃতিত্ব অর্জন করলেন। ভারতীয় নারী দলের অধিনায়কের আগের দুজন হলেন শচিন এবং পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ।
