মতিঝিলে ১৫ তলা ভবনে ফাটল, সরিয়ে নেওয়া হয়েছে লোকজন

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১১:৪১ পিএম

ঢাকার মতিঝিলে ১৫ তলা একটি ভবনে ফাটল দেখা দেয়াতে সেখানকার লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার মতিঝিলের মডার্ন ম্যানসন নামে ১৫ তলা একটি ভবনের তৃতীয় তলায় ফাটল দেখা দেয়।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাফি আল ফারুক জানান, সন্ধ্যায় ফাটল দেখা দেওয়ার খবর পাই। খবর পেয়ে পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভবনটি ব্যবহারে ‘নিরুৎসাহিত’ করা হয়েছে।

তিনি জানান, রাত পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের অনুসন্ধান ও উদ্ধার দল ঘটনাস্থল পরিদর্শনের কাজ শেষ করেছে। ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। ভবনটি ব্যবহারে নিরুৎসাহিত করা হচ্ছে।

মতিঝিলের ৫৩ নম্বরে অবস্থিত মডার্ন ম্যানসনে ব্যাংক, রেস্তোঁরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ভবনটির তৃতীয় তলার পিলারসহ দেয়ালের বেশ কিছু জায়গা থেকে প্লাস্টার খসে পড়েছে বলে দেখা যায়। পিলারের রডও বেরিয়ে গেছে।এ অবস্থায় ভবনটিকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত