মায়াদ্বীপ জেলেশিশু পাঠশালা’র প্রধান শিক্ষক ও পরিবারের ওপর হামলার প্রতিবাদ

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১২:৩০ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নুনেরটেক-মায়াদ্বীপে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড ও মায়াদ্বীপ জেলেশিশু পাঠশালা’র প্রধান শিক্ষক ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ প্রতিবাদ জানানো হয়।

পবা’র চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পাঠ করেন গবেষক ও লেখক অধ্যাপক জোবাইদা নাসরীন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও পবা’র সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সোবহান; লেখক, পরিবেশ ও সমাজকর্মী মিতালী হোসেন; প্রতিবেশ-প্রাণবৈচিত্র্য বিষয়ক গবেষক ও লেখক পাভেল পার্থ; কবি ও পরিবেশকর্মী শাহেদ কায়েস; লেখক ও সংগঠক শংকর প্রকাশ প্রমুখ।

লিখিত বক্তব্যে ও আলোচনায় বক্তারা সোনারগাঁয়ের মায়াদ্বীপ, নুনেরটেকে পরিবেশ বিপর্যয় কর্মকাণ্ড বন্ধ করতে, মায়াদ্বীপ শিশু পাঠশালা’র প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখি ও তার পরিবারের ওপর হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে, প্রাণভয়ে সোনারগাঁয়ে আত্মগোপনে থাকা শিক্ষক পাখি ও তার পরিবার যাতে নিরাপদে তাদের গ্রামে, বাড়িতে ফিরে যেতে পারেন সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

একই সঙ্গে তারা মায়াদ্বীপের সুবিধাবঞ্চিত শিশুরা যাতে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কাছে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত