সাভারে পোশাক কারখানার নির্মাণাধীন ভবনে আগুন

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১২:৫০ পিএম

সাভারে ফার্নিচার কারাখানা আগুনে পুড়ে যাওয়ার পর মধ্যরাতে একটি নির্মাণাধীন তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। নির্মাণাধীন ভবনে লোকজন কিংবা মালামাল না থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও পুড়ে গেছে নির্মাণকাজে ব্যবহৃত কাঠ-বাঁশ।

সোমবার সকালে সাভার চামড়া শিল্পনগরী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজীব আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার রাত ১টা ৪৭ মিনিটের দিকে তেতুঁলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর ঋষিপাড়া এলাকায় অবনী গ্রুপের মালিকানাধীন বেবিলন ওয়াশিং এর নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান রাজীব জানান, রাজফুলবাড়িয়া এলাকায় নাভানা ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের পর মধ্যরাতে অবনী গার্মেন্টসে আগুন লাগার খবর পান তারা।

পরে চামড়া শিল্প নগরীর দুটি ও সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ফায়ার সার্ভিস এর চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোররাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, রবিবার অবনী গ্রুপের মালিকানাধীন বেবিলন ওয়াশিং নির্মাণাধীন ছয়তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে বিদ্যুতের লাইন টেনে হ্যালোজেন লাইট লাগিয়ে কাজ করে চলে গিয়েছিলেন নির্মাণ শ্রমিকেরা। পরে গভীর রাতে ওই হ্যালোজেন লাইট হিট হয়ে কিংবা শর্টসার্কিটের মাধ্যমে ঢালাইয়ের জন্য রাখা কাঠ ও বাঁশে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া কারখানাটিতে কাজ শুরু না হলেও তৃতীয় ও চতুর্থ তলায় গার্মেন্টসের কিছু কাঁচামাল রাখা ছিল। ফায়ার সার্ভিস সদস্যদের প্রচেষ্টায় আগুন ষষ্ঠতলা থেকে অন্য ফ্লোরে না ছড়ানোয় সেগুলো রক্ষা করা গেছে।

তবে এ বিষয়ে জানতে কারখানাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত